ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
রমজানকে সামনে রেখে নারায়ণগঞ্জের ফতুল্লায় যানজট নিরসনে রাস্তার পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ফতুল্লার পঞ্চবটি থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত অবৈধ দেয়াল, চা, পান, কাপড় ও জুতার দোকানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
ফতুল্লা থানার ওসি আসাদুজ্জামান খান জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানজটের একমাত্র কারণ হল রাস্তার পাশের অবৈধ স্থাপনা। এর মধ্যে এক পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার এএসপি মো. শরফুদ্দিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে ওসি আসাদুজ্জামান, পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, এসআই গোলাম মোস্তফা, এসআই গোলাম মোস্তফাসহ অন্যান্যরা অংশ নেন।
