২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোলারাম কলেজে হামলা: রাবিতে ছাত্রজোটের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 08:35 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টুকিটাকি চত্বরে সমাবেশের পর শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রগতিশীল ছাত্রজোট শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করার জন্য আন্দোলন করছে কিন্তু  ছাত্রলীগ সাধারণ ছাত্রদের পক্ষে কথা না বলে শিক্ষার বাণিজ্যিকীকরণের পক্ষে কথা বলছে।

তারই ধারাবাহিকতায় ছাত্রলীগ নারায়ণগঞ্জের তোলারাম কলেজে আন্দোলনরত প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর পরিকল্পিতভাবে হামলা করেছে অভিযোগ করেন বক্তারা।

হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা না হলে প্রগতিশীল ছাত্রজোট সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেয় তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক যারিফ মুহিব অয়নের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিন।