২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অন্তর্কোন্দলে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ফেনী সদর উপজেলায় অভ্যন্তরীণ বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও গুলিতে স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 06:38 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

নিহত গোলাম রসুল মানিক (৩২) বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। তিনি একই ইউনিয়নের আফতাব বিবির হাট কুরুচিয়া গ্রামের শাহজাহান সাজুর ছেলে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে বালিগাঁও ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ বলেন, সম্প্রতি উপজেলায় যুবলীগের বিভিন্ন ইউনিটের কমিটি গঠন হলে বালিগাঁও ইউনিয়নের পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়।

“এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে বাঁশতলা এলাকায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মানিকের উপর যুবলীগ কর্মী গোলাম মাওলা মিস্টার ও ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন উজ্জ্বল সমর্থকরা হামলা চালায়। এ সময় মিস্টার সমর্থিত ৭/৮ জন কর্মী মানিককে পিটিয়ে আহত করার পর তার পায়ে গুলি করে। হামলায় ওয়ার্ড কাউন্সিলর উজ্জ্বলও গুরুতর আহত হয়।”

খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা মানিক ও উজ্জ্বলকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান যুবলীগের এ নেতা।

ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান বিন আব্দুল্লাহ বলেন, গুলির ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণে মানিকের অবস্থার অবনতি হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকালে তার মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক শাহীনুজ্জামান বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।