চট্টগ্রামে স্টেশনে সংঘর্ষে ট্রেন ছাড়তে দেরি
চট্টগ্রামে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংঘর্ষের কারণে পৌনে এক ঘণ্টা দেরিতে ছেড়েছে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী এক্সপ্রেস।
বৃহস্পতিবার দুপুরে রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে ক্যাশ অফিসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে ট্রেনটি অবরোধ করে রাখে লাইন সংস্কারের দায়িত্বে থাকা কর্মচারীরা (ওয়েম্যান)।
বেল ৩টায় চট্টগ্রাম থেকে ঢাকার পথে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই কারণে পৌনে ৪টার দিকে ছাড়ে ট্রেনটি।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি হিমাংশু কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টার দিকে এক ওয়েম্যান ক্যাশ অফিসে বেতন তোলার জন্য গেলে সেখানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
এর জের ধরে ওয়েম্যানরা ট্রেন অবরোধ করে রাখে। পরে পুলিশ ও রেল কর্মকর্তারা মিলে ওয়েম্যানদের সরিয়ে নিলে ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে যায় বলে জানান তিনি।
ওসি বলেন, রেলের চতুর্থ শ্রেণির কর্মচারীদের বিভিন্ন তারিখে বেতন দেওয়া হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার ওয়েম্যানদের বেতন তোলার দিন ছিল।
“এনিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়,” বলেন ওসি হিমাংশু।
রবিউল আলম নামে এক ওয়েম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাকবিতণ্ডার এক পর্যায়ে আরএনবির এক সদস্য সাইরেন বাজান। তিনি ব্যারাকে থাকা অন্য সদস্যদের টেলিফোন করে আসতে বলেন।
“এরপর ব্যারাকে থাকা আরএনবি সদস্যরা লাঠিসোঁটা ও রড নিয়ে ওয়েম্যানদের ওপর হামলা চালায়,” বলেন তিনি।
আরএনবি সদস্যদের মারধরে কমপক্ষে ১০ জন ওয়েম্যান আহত হন বলে দাবি করেন রবিউল।
