২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংস্কৃতিক জোট নেতার উপর হামলা: রাবি ছাত্রলীগকর্মী বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণশিল্পী সংস্থার সদস্য ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের উপর হামলার অভিযোগে এক ছাত্রলীগকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 04:56 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে সংস্কৃতিকর্মীর উপর হামলার ঘটনায় ছাত্রলীগের ওই কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত সাদ্দাম হোসেন সজীব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ৯ জুন বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের সিলসিলা রেস্তোরাঁর পাশে গণশিল্পী সংস্থার কার্যালয়ে বাসুদেব রায়কে পিটিয়ে পা ভেঙে দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকর্মী সাদ্দাম হোসেন সজীব ও তার সহযোগীরা।

এ ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা মানববন্ধন, অবস্থান কর্মসূচি, গণ-অনশন কর্মসূচি ও মানবমূর্তি তৈরি করে সজিব ও তার সহযোগীদের শাস্তির দাবি করে।