মৌলভীবাজারে কৃষককে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে ‘মানসিক ভারসাম্যহীন’ এক যুবক। এ সময় আহত হয়েছেন আরো এক জন।
রাজনগর থানার ওসি মো. শামসুদ্দোহা বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে রাজনগর সদর ইউনিয়নের ক্ষেমসহস্র গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদির (৪০) ওই গ্রামের আইন উল্লার ছেলে।
এ ঘটনার পর হত্যাকারী আখতার মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আজিম উল্লাহর ছেলে এবং মানসিক ভারসম্যহীন বলে জানান ওসি।
ওসি শামসুদ্দোহা বলেন, আব্দুল কাদির দুপুরে বাড়ির সামনে রাস্তায় বসে ছিলেন। এ সময় প্রতিবেশী আখতার মিয়া পেছন থেকে তার ঘাড়ে দা দিয়ে কোপ দেয়। এতে কাদির ঘটনাস্থলেই মারা যান।
“কাদিরকে বাঁচাতে পথচারী মালিক তরফদার এগিয়ে গেলে আখতার তাকেও কুপিয়ে জখম করে।পরে স্থানীয়রা আখতারকে আটক করে পুলিশে খবর দেয়।”
আহত মালিক তরফদারকে (৫০) সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
