দুই মেয়াদে সাড়ে তিন হাজার পদোন্নতি
দুই মেয়াদে সরকার প্রায় সাড়ে ৩ হাজার কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।
জনপ্রশাসনের পদোন্নতি প্রক্রিয়াকে যুগোপযোগী করাতে পাবলিক সার্ভিস অ্যাক্ট প্রণয়ন করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৬টি বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১৮ হাজার ৬৩৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এর মধ্যে ২৮তম বিসিএসে ২ হাজার ১৯৫ জন, ২৯তম বিসিএসে ১ হাজার ৭৪৭ জন, ৩০তম বিসিএসে ২ হাজার ৩৮৪ জন, ৩১তম বিসিএসে ২ হাজার ১ শত জন, ৩২তম বিসিএসে (বিশেষ) ১ হাজার ৬৮১জন এবং ৩৩তম বিসিএসে ৮ হাজার ৫২৯জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এর বাইরে এই ছয় বিসিএসে ১ হাজার ৬০৭টি প্রথম শ্রেণীর (নন ক্যাডার) পদে এবং ৭ শতটি দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের সুপারিশ করা হয়।
