ঢাকায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর স্বামীবাগে বুধবার চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের নাম মো. রাসেল (২৪)। তিনি মুগদা এলাকায় থাকতেন, তার বাবার নাম মো. জয়নাল।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন খান বলেন, “ভোরে স্বামীবাগে একটি দোকানে চুরি করার সময় ধাওয়া দিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলে মারা যায় রাসেল।”
যে দোকানের চুরি হয়েছিল, সেই ‘এম এম সোহেল স্টোর’ এর তালা ভাঙা ছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
রাসেলের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
রাসেলের বড় ভাই জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাসেল মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। সকালে গণপিটুনিতে মৃত্যুর খবর পান তারা।
রাসেল নির্দিষ্ট কোনো কাজ করতেন না বলে তার ভাই জয় জানান।
