২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা নিষ্পত্তিতে গতিশীলতা আনার আহ্বান রাষ্ট্রপতির

জনগণ যাতে দ্রুত বিচার পায় সে জন্য মামলা নিষ্পত্তির কার্যক্রম গতিশীল করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 07:17 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

বুধবার বিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে আবদুল হামিদ এই আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে জানান, আপিল বিভাগে ১৫ হাজার ৩৮৩টি, হাই কোর্ট বিভাগে তিন লাখ ৬৯ হাজার ৮১৩টি এবং সারাদেশের নিম্ন আদালতে ২৭ লাখ ১৩ হাজার ৩৭৩টি মামলা নিষ্পত্তির জন্য অপেক্ষমান রয়েছে।”

বিচারপতি এস কে সিনহা রাষ্ট্রপতিকে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন বলে জানান প্রেস সচিব।

মামলার দ্রুত নিষ্পত্তিতে কার্যক্রম নেওয়া হয়েছে বলে আবদুল হামিদকে জানান প্রধান বিচারপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।