শ্রমিক উত্তেজনায় সিইপিজেডের জুতা কারখানায় ছুটি
শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার একটি জুতা কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম শিল্প পুলিশ-৩ এর পরিদর্শক (গোয়েন্দা) আরিফুল রহমান জানান, বুধবার সকালে চট্টগ্রাম ইপিজেডের সাত নম্বর সেক্টরে তাইওয়ানের মালিকানাধীন কসমস সু ইন্ডাস্ট্রিজ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে ‘কাজের ত্রুটি’ নিয়ে কারখানার দুই সুপারভাইজারের মধ্যে বিরোধ দেখা হয়। ওই সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে শিল্প পুলিশ ও ইপিজেড (বেপজা) কর্মকর্তারা গিয়ে তা মিটিয়ে দেন।
বুধবার সকালে কারখানায় কাজ শুরুর আগে ওই ঘটনার জের ধরে শ্রমিকদের দুই পক্ষে আবার উত্তেজনা দেখা দেয়।
ওই কারখানায় ৬৫৫ জন শ্রমিক-কর্মচারী কাজ করে জানিয়ে শিল্প পুলিশ কর্মকর্তা আরিফুর বলেন, এ ঘটনায় বেপজা ও শিল্প পুলিশের কর্মকর্তারা আবারও ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে।
