২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনী সদর উপজেলায় কভার্ড ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 05:10 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বুধবার সদর উপজেলায় শর্শদি স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুবুল আলম (৫৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বান্দরঝোলা এলাকার মমতাজুল ইসলামের ছেলে।

মহিপাল মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, শর্শদি স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশন এলাকায় আলমের মোটরসাইকেলকে বিপরীতমুখী একটি কভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে মহাসড়ক পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দুর্ঘটনার পর পুলিশ ওই কভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।।

এদিকে দাগনভূঞা উপজেলায় ফেনী-নোয়াখালী মহাসড়কের সিলোনিয়া পেট্রোল পাম্প এলাকায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

দাগনভূঞা থানার ওসি আসলাম উদ্দিন জানান, আহত সবাই বাসের যাত্রী। তাদের উদ্ধার করে দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাদের অধিকাংশের বাড়ি ঝালকাঠি জেলায় জানালেও তাৎক্ষণিকভাবে কারও বিস্তারিত নাম পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।