হত্যা মামলায় মা-ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন
নেত্রকোণার কলমাকান্দায় স্কুলছাত্র প্রীতিষ কুমার হত্যা মামলায় ১৭ বছর পর মা ও ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কলমাকান্দা উপজেলার নাগারগাতি গ্রামের জুয়েল ভৌমিক (৪০), সুনীতি রাণী দত্ত (৫৫) ও তার ছেলে মলয় দত্ত (৩৬)।
এদের মধ্যে জুয়েল ভৌমিক পলাতক রয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজম খান জানিয়েছেন।
একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, দুর্গাপুর উপজেলার বড়ইউন্দ গ্রামের জ্যোতিষ চক্রবর্তীর ছেলে প্রীতিষ কুমার চক্রবর্তী কলমাকান্দা উপজেলার নাগারগাতি গ্রামে মামা কৃষ্ণধন চক্রবর্তীর বাড়িতে থেকে লেখাপড়া করত।
শিশুদের ঝগড়া নিয়ে ১৯৯৮ সালের ১১ জুলাই প্রীতিষকে হত্যা করে গ্রামের হরিপদের গোয়ালঘরে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনার একদিন পর নিহতের মামা কৃষ্ণধন চক্রবর্তী কলমাকান্দা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।
তদন্তের পর ওই বছর ১১ অগাস্ট পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। একই বছর ১৩ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
