কক্সবাজারে ‘ভাইয়ের হামলায়’ যুবক খুন
কক্সবাজার সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হামলায় এক যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতুকখালীর ছয়ভাই পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধূরী।
নিহত নুরুল আমিন (৩০) ওই এলাকার মৃত মোজাহের আহমদের ছেলে।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বড় ভাই নুরুল আলম।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বখতিয়ার জানান, আলমের বাড়ি থেকে কয়েকদিন আগে ব্যবহারের কিছু কাপড়-চোপড় চুরি হয়। আমিনের স্ত্রী এগুলো চুরি করেছে বলে সন্দেহ করে আলমের পরিবার।
তিনি বলেন, এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কয়েক দফা ঝগড়া-বিবাদ হয়। এ নিয়ে মঙ্গলবার সকালে আমিনের স্ত্রীকে আবারও লাঞ্ছিত করে আলম ও তার পরিবার।
আমিন এর প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে তারা আমিনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে।
এলাকাবাসী আহতাবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসাপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
