গাজীপুরে ছিনতাই রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য উত্তরায় উদ্ধার
গাজীপুর থেকে ছিনতাই হওয়া কভার্ড ভ্যান বোঝাই রপ্তানিমুখী তৈরি পোশাক পণ্য রাজধানীর উত্তরা থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, সোমবার বিকাল ৪টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে ওইসব তৈরি পোশাক সামগ্রী উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কভার্ড ভ্যানের চালক নূর আলমকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরের দিকে গাজীপুরের কালিগঞ্জ থানার মীরের বাজারের কাছে একটি সেতু থেকে কভার্ড ভ্যানসহ ৪৯৫ কার্টন তৈরি পোশাক পণ্য ছিনতাই করে দুর্বৃত্তরা।
গাজীপুরের জয়দেবপুর থানার ডেগেরচালা এলাকার 'ইনডেসোর স্যুয়েটার্স লিমিটেড'র রপ্তানিমুখী এসব পণ্য চট্টগ্রামে শিপমেন্টের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান বলেন, সকালে ওই কারখানা থেকে রওয়ানা হয়ে কালিগঞ্জ থানার মীরের বাজার হয়ে একটি সেতুতে পৌঁছালে পেছন থেকে সবুজ রংয়ের একটি প্রাইভেট কার ডান দিক থেকে এসে ওই কর্ভাড ভ্যানের গতিরোধ করে।
এ সময় প্রাইভেট কার থেকে দুজন বের হয়ে এসে কভার্ড ভ্যানের চালককে টানা হেঁচড়া করে ওই প্রাইভেট কারে ওঠায়।
ওসি আলী হোসেন বলেন, "কভার্ড ভ্যান চালক নূর আলমের ভাষ্য অনুযায়ী, এরপর ছিনতাইকারী চক্রের মোট চারজন গাড়ি ও কভার্ড ভ্যান নিয়ে রওয়ানা হয়। কিছুদূর গিয়ে ছিনতাইকারীরা চালক নূরের সঙ্গে থাকা টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।"
ইনডেসোর স্যুয়েটার্স কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ অনুসন্ধান চালিয়ে ছিনতাই হওয়া পণ্য উত্তরা থেকে উদ্ধার করে।
এছাড়া বিমানবন্দর সড়কের কাওলা ফুটওভার ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই কভার্ড ভ্যানটি উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আলী হোসেন।
