শিক্ষককে অপমান: ইউএনওর বক্তব্য জানাতে নির্দেশ
পিরোজপুরে এইচএসসি পরীক্ষা চলাকালে এক শিক্ষককে অপমানিত করার ঘটনায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেনকে তার বক্তব্য ১ জুলাই লিখিতভাবে দাখিল করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
একইসঙ্গে আদালত শিক্ষক ও নির্বাহী হাকিমকে আপাতত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে ১ জুলাই পরবর্তী আদেশের দিন রেখেছে।
আদালতের নির্দেশ অনুসারে ওই ঘটনা তদন্ত করে পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিমের দাখিল করা প্রতিবেদনের পর এ আদেশ আসে।
গত ৯ এপ্রিল এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছিলেন এক সহকারী অধ্যাপক।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরীক্ষা চলাকালে নির্বাহী হাকিমের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল ইসলাম উচ্চস্বরে মোবাইলে কথা বলতে বলতে একটি পরীক্ষা কক্ষে ঢোকেন। তখন ওই শিক্ষক পরিচয় জানতে চাইলে তাকে লাঞ্ছিত করেন আশ্রাফুল। পরে পা ধরে ওই শিক্ষককে ক্ষমা চাইতে বাধ্য করেন এই নির্বাহী হাকিম।
এরপর ঘটনা তদন্তে গত ২১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং বরিশাল শিক্ষা বোর্ড পৃথক তদন্ত কমিটি গঠন করে। শিক্ষা মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি করে।
তবে ঘটনা ও এ নিয়ে ছবি প্রকাশে অসম্মানিত হয়েছেন বলে বিচারিক তদন্তের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট করেন ওই শিক্ষক।
শুনানি নিয়ে ২৫ মে আদালত রুলসহ আদেশ দেয়। ওই ঘটনায় ব্যাখ্যা জানাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আবেদনকারী শিক্ষককেও ১৫ জুন আদালতে হাজির হতে নির্দেশ দেয় আদালত। সেইসঙ্গে ঘটনা তদন্ত করে মুখ্য বিচারিক হাকিমকে এই সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়।
ওই নির্দেশের পর সোমবার শিক্ষক ও নির্বাহী হাকিম আদালতে হাজির হন।বিচারিক হাকিমের তদন্ত প্রতিবেদনও দাখিল করে রাষ্ট্রপক্ষ।
আদালতে নির্বাহী হাকিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন।
শিক্ষকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার সাইমুম সাদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারী অ্যার্টনি জেনারেল প্রতিকার চাকমা।
আদেশের তাপস কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুখ্য বিচারিক হাকিমের তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত তৎকালীন পিরোজপুর ভান্ডারিয়া (বর্তমানে ভোলার বোরহান উদ্দিন উপজেলা) নির্বাহী কর্মকর্তার বক্তব্য ১ জুলাই লিখিতভাবে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছে।
