যমুনার ভাঙনে সেতুসহ বিভিন্ন স্থাপনা বিলীন
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর ভাঙনে সড়ক, সেতু, বসতঘরসহ বেশকিছু স্থাপনা বিলীন হয়ে গেছে।
এছাড়া হুমকির মুখে পড়েছে সরকারি পশু হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
সোমবার সকালে উপজেলা সদরের খাষকাউলিয়া ব্র্যাক অফিসের মোড় সংলগ্ন সংযোগ সড়ক ও সেতু নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এ সময় আশপাশের অন্তত দেড় শতাধিক বসতভিটাও নদীতে চলে যায়। এসব বাড়ির আসবাবপত্রের কিছু অংশ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হলেও অধিকাংশই নদীতে বিলীন হয়ে গেছে।
গত বছর ও চলতি বছরে ইতোমধ্যে এ উপজেলার পাঁচটি ইউনিয়ন নদীতে বিলীন হয়েছে।
চৌহালী উপজেলা চেয়ারম্যান আল মামুন জানান, নদী ভাঙ্ন রোধে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড কোনো উদ্যোগ গ্রহণ না করায় এখন পুরো উপজেলা নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, ভাঙ্ন রোধে এখনও সরকারিভাবে কোনো বরাদ্দ পাওয়া যায়নি। ভাঙনের তীব্রতায় উপজেলার বেশকিছু স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে।
ক্ষতিগ্রস্ত আব্দুল লতিফ বলেন, ভাঙনের ভয়াবহতা দেখে মনে হয় না এই উপজেলার অবশিষ্ট এলাকা টিকে থাকবে। ভাঙ্ন অব্যাহত থাকলে এই উপজেলার নাম মানচিত্র থেকে হারিয়ে যাবে।
