গাজীপুরে ‘বিষাক্ত রাসায়নিক’ মেশানো বেকারিপণ্য ধ্বংস
গাজীপুর নগরীর একটি বেকারি থেকে ক্ষতিকর রং ও রাসায়নিক মেশানো কেক, বিস্কুট ও পাউরুটি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে শিমুলতলী এলাকায় এই আদালত পরিচালনা করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রেবেকা সুলতানা।
গাজীপুর জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ জানান, শিমুলতলী এলাকার ‘আনন্দ বেকারির’ কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এ সময় ওই বেকারির কারখানায় শ্রমিকদের ক্ষতিকারক রং ও বিষাক্ত রাসায়নিক মিশ্রিত খাবার প্রস্তুত করতে দেখা যায়।
সেখান থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিকারক রং ও বিষাক্ত রাসায়নিক মিশ্রিত প্রায় ৬০ হাজার টাকা মূল্যের তৈরি খাবার জব্দ করা হয়।
পরে জব্দকৃত খাবার পার্শ্ববর্তী চিলাই নদীতে উপস্থিত জনতার সামনে ফেলে দেওয়া হয় বলে জানান সত্যজিত।
