২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে ৫ জেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৭ জুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য আগামী ২৭ জুন থেকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 06:38 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

‘ডিজিটালি’ প্রশ্ন ছাপিয়ে এবার এই পরীক্ষা নেওয়া হবে বলে ধাপে ধাপে পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৭ জুন মেহেরপুর, মুন্সীগঞ্জ, ফেনী, নড়াইল ও শরীয়তপুর জেলার পরীক্ষা হবে। অন্য জেলার পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে।

এই পাঁচ জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৯৫২ জন। ২৭ জুন দুপুর ২টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা হবে।

রবীন্দ্রনাথ রায় বলেন, “এই পাঁচ জেলার কোনোটিতে সাত হাজারের বেশি আবেদনকারী নেই। তাই প্রথম ধাপে এই পাঁচ জেলাকে বেছে নেওয়া হয়েছে।”

প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেতে ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) মোট ৯ লাখ ৭১ হাজার ৬০৮ জন আবেদন করেছেন বলেও জানান তিনি।

প্রাক-প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তবে সহকারী শিক্ষক নিয়োগে আগে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন নিস্পত্তি না হওয়ায় আপাতত ওই পরীক্ষা নেওয়া যাচ্ছে না বলে মন্ত্রণালয়ের কর্মকর্তরা জানিয়েছেন।

পুরনো খবর:

ফাঁস ঠেকাতে ‘ডিজিটালি’ প্রশ্ন হচ্ছে