২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্ত হত্যা: রিমান্ড শেষে কারাগারে ফটো সাংবাদিক ইদ্রিস

সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় গ্রেপ্তার ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 06:15 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

সোমবার সাত দিনের রিমান্ড শেষে তাকে সিলেটের মহানগর হাকিম আমলি আদালত-২ এ হাজির করলে বিচারক ফারহানা ইয়াসমিন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একইসঙ্গে আগামী ১৭ জুন মামলার পরবর্তী শুনানির দিন রেখেছে আদালত।

গত ৭ জুন রাতে দৈনিক সংবাদ ও সবুজ সিলেট এর ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে সিআইডি। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত সাত দিনের রিমান্ডে পাঠানো হয়।

ওইদিনই তাকে জিজ্ঞাসাবাদের জন্যে ঢাকার মালিবাগে সিআইডি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

রিমান্ডে ইদ্রিসের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা জোনের পরিদর্শক আরমান আলী।

আরমান আলী বলেন, জিজ্ঞাসাবাদে ইদ্রিসের কাছ থেকে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাচাই করা হচ্ছে।

গত ১২ মে সিলেটের সুবিদবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মুক্তমনার ব্লগার ও সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্তকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার দিনই নিহতের বড়ভাই রতেœশ্বর দাস অজ্ঞাতনামা চার জনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা করেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম প্রথমে মামলাটি তদন্তের দায়িত্ব পেলেও হত্যাকারীদের কেউ গ্রেপ্তার বা শনাক্ত না হওয়ায় ১৪ দিনের মাথায় তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে।