গাজীপুরে বজ্রপাতে দুই যুবক নিহত
গাজীপুরে বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন।
সোমবার দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাওজোর এলাকার আলমের ছেলে জুয়েল (২৮) ও একই এলাকার ওবায়দুল (২৮)।
আহত আমান উদ্দিন (২০) ও মো. জনিকে (২৮) গাজীপুরে শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় জালাল উদ্দিন বলেন, দুপুরে নাওজোর মাহবুব ফিলিং স্টেশনের উত্তর পাশে বালুর মাঠে ফুটবল খেলতে যাওয়ার পথে বজ্রপাতে ওই চারজন আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল ও ওবায়দুলকে মৃত ঘোষণা করেন।
শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।
