২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গৃহবধূ এসিডদগ্ধ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দুর্বৃত্তের ছোড়া এসিডে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন, যার জন্য শ্বশুর-শাশুড়িকে ধায়ী করছেন ওই নারী।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 05:23 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

শনিবার রাতে ছয়গ্রামে এ হামলার শিকার হন পারভীন বেগম (৩৫)।

রোববার তাকের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারভীন নেত্রকোণা জেলার হাসানপুর গ্রামের ইসরাইল মিয়ার মেয়ে।

পাঁচ বছর আগে আগৈলঝাড়ার ছয়গ্রামের চুন্নু বেপারীর ছেলে সোহাগ বেপারীর সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকেই তিনি শ্বশুর বাড়িতে বসবাস করছেন।

বরিশালের সহকারী পুলিশ সুপার প্রশান্ত কুমার দে জানান, রাতে প্রাকৃতিক কাজে ঘরের বাইরে গেলে কালো কাপড়ে মুখ ঢাকা ২/৩ জন দুর্বৃত্ত তার উপর এসিড নিক্ষেপ করে।

ওই সময় তার চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহীন রেজা জানান, এসিডে তার পিঠের কিছু অংশ ঝলসে গেছে।

পারভীন বেগম জানান, সোহাগ বেপারীর সাথে তার প্রেম করে বিয়ে হয়। তবে তাদের বিয়ে মেনে নিতে পারেননি শ্বশুর বাড়ির লোকজন।

দুই বছর আগে তাকে না জানিয়ে স্বামীকে বিদেশে পাঠিয়ে দেন শ্বশুর চুন্নু বেপারী।

এরপর থেকে স্বামীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

স্বামীর বাড়ি ছাড়া করতে বিভিন্ন সময় শাশুড়ি নিলু বেগম তার উপর নির্যাতন চালান বলে অভিযোগ করেন পারভীন।

শ্বশুর-শাশুড়ি ঢাকা অবস্থান করছেন। তবে, তাদের নির্দেশেই এসিড হামলা হয়েছে বলে অভিযোগ করেন পারভীন।