ডিআরইউতে ‘ফল উৎসব’
বিভিন্ন ধরনের দেশীয় ফল নিয়ে ‘ফল উৎসব’ করেছেন ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির কার্যালয়ে রোববার সকালে উৎসবের উদ্বোধন করেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
এখানে ২৩ ধরনের ‘ফরমালিনমুক্ত’ দেশীয় ফল রাখা হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সংগঠনের সদস্যরা সেসব ফল খান।
ডিআরইউ সাংবাদিকদের ঐক্যে সাধুবাদ জানিয়ে মেনন বলেন, জাতীয় প্রেসক্লাবে বিভক্তি দেখা দিলেও ডিআরইউতে ঐক্য রয়েছে।
“আপনারা পরস্পর পরস্পরের সাথী। একত্রে থাকলে বিভিন্ন দাবি-দাওয়াও আদায় করা সম্ভব।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, জুন মাসের মধ্যে সংগঠনের সব সদস্যের জন্য একটি গ্রুপ ইন্সুরেন্স করা হবে। এজন্য সব সদস্যের কাছে আলাদা আলাদা ফরম পাঠানো হবে।
ডিআরইউর কোনো সদস্য মারা গেলে সংগঠনের পক্ষ থেকে এককালীন অনুদান এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআরইউর দপ্তর সম্পাদক মেহদী আজাদ মাসুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগের সভাপতিমণ্ডলির সদস্য মো. আনোয়ারুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিআরইউর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী ও ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বক্তব্য দেন।
১৯৯৫ সালের ২৬ মে প্রতিষ্ঠার পর বর্তমানে ডিআরইউর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৬৭ জন।
