২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে সক্রিয় জালনোট চক্র, গ্রেপ্তার আরও ৬

ঈদের আগে জালনোট চক্রের সক্রিয়তার মধ্যে পুলিশের অভিযানে আরও ঢাকায় আরও ছয়জন গ্রেপ্তার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

শেরে বাংলা নগর এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়ে পুলিশ বলছে, এরা ঈদের আগে কোটি টাকার জালনোট ছাড়ার পরিকল্পনা করেছিল।

গত সপ্তাহেও মিরপুর এলাকা থেকে জালনোট চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা ৫০ লাখ টাকার জালনোট বাজারে ছাড়ার চক্রান্ত করছিল বলে পুলিশ জানিয়েছিল।

রোজা ও ঈদের সময়টাতে ব্যাপক কেনাবেচা হয় বাংলাদেশে। সেই সুযোগে এই চক্রগুলো জালনোট বাজারে ছাড়ে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান।

শনিবার রাতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হাওলাদার সোহেল, মাজহারুল ইসলাম, আল আমিন, আরিফ রহমান ওরফে নিপু, শফিকুল ইসলাম ও সোহেল মিয়া।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম রোববার সাংবাদিকদের বলেন, তারা পশ্চিম কাফরুল তালতলার মিয়াধর সড়কের কবরস্থান গলির একটি বাড়ির ছাদে টিনশেড ঘর ভাড়া নিয়ে জালনোট তৈরির কারখানা বসিয়েছিল।

Image
গত সপ্তাহে মিরপুরে উদ্ধার জাল নোট

গত সপ্তাহে মিরপুরে উদ্ধার জাল নোট

সেখানে অভিযান চালিয়ে ৪০ লাখ জাল বাংলাদেশি টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা কর্মকর্তারা বলেন, ঈদে এই চক্র এক কোটি টাকার জাল নোট ছাড়ার পরিকল্পনা করেছিল। তাদের ১২ দলের একটি দল রয়েছে যাদের ছয়জনকে আটক করা হয়েছে।

পালিয়ে থাকা ছয়জনের কাছে ৬০ লাখ টাকার মতো জালনোট রয়েছে বলে গ্রেপ্তার ছয়জন পুলিশকে জানিয়েছে। ওই টাকা ইতোমধ্যে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে বলে আটকরা জানিয়েছে।

ঈদের এই সময়ে কেনাকাটায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। সন্দেহ হলে বিভিন্ন বিপণি বিতানে বসানো জালনোট শনাক্তকরণ যন্ত্রে পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তারা।

ছয়জনকে গ্রেপ্তারের অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা জালনোট চক্রের সক্রিয় সদস্য। ৬/৭ বছর ধরে তারা জাল টাকা তৈরি করে আসছে।”

বাংলাদেশি মুদ্রার পাশাপাশি তারা জাল ভারতীয় রুপি, ইউএস ডলার ও ইউরোও তৈরি করত বলে জানান তিনি।

পুরনো খবর:

৫০ লাখ টাকার জাল নোট ছাড়ার ‘পরিকল্পনা’, গ্রেপ্তার ৬