২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনে-দুপুরে টাকা ছিনতাই, নাম প্রকাশে ভয়  

জয়পুরহাট সদরে এক গরু ব্যবসায়ীকে প্রচণ্ড মারধর করে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 03:35 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

শনিবার দুপুরে ওই ঘটনায় আহত গরু ব্যবসায়ী তোজাম হোসেনকে (৪৩) জয়পুরহাট সদর আধুনিক হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ খাস পাহনন্দা গ্রামের কাবেজ আলীর ছেলে।

তোজাম ছিনতাইকারীদের চিনতে পারলেও ভয়ে তাদের নাম প্রকাশ করছেন না।

হাসপাতালে তোজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে গরুর ব্যবসায়ে জড়িত।

শনিবার তার বাড়িতে থাকা তিনটি গরু বিক্রি করতে এবং আরও কয়েকটি গরু কিনতে জয়পুরহাট শহরের নতুনহাট যাচ্ছিলেন।

বেলা সাড়ে ১১টার দিকে দোগাছী বোর্ড ঘর এলাকায় পৌঁছলে প্রবল বৃষ্টি শুরু হয়। ওই সময় রাস্তা-ঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে।

ওই সময় ৪/৫ জন ছিনতাইকারী তার হাত-পা বেঁধে কাঁধে করে পার্শ্ববর্তী আখক্ষেতে নিয়ে প্রচণ্ড মারধর করে এবং তার কাছে থাকা এক লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ওই সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যায় জয়পুরহাট সদর আধুনিক হাসাপাতালে ভর্তি করেন।

তোজাম জানান, ছিনতাইকারীরা ওই এলাকার চিহ্নিত ও তার পরিচিত, কিন্তু নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

একটু সুস্থ হলে মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. নুরুন নবী জানান, তার হাতে, পায়ে ও পিঠের কয়েকটি স্থানে রড বা লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।

জয়পুরহাট সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে এখনও কোনো মামলা দায়ের করা না হলেও পুলিশ তদন্তসহ প্রকৃত দোষীদের গ্রেপ্তারে সচেষ্ট আছে।