চট্টগ্রামে জুতার গুদামে আগুন
চট্টগ্রামে কোতোয়ালি থানার জলসা মার্কেট সংলগ্ন এলাকায় একটি বহুতল ভবনে আগুনে একটি জুতার গুদাম পুড়ে গেছে।
গাজী টাওয়ার নামে একটি ভবনের চতুর্থ তলায় অবস্থিত জুতার গুদামটিতে শনিবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাত পৌনে ১০টার দিকে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে পাশেই চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজ উদ্দিন বাজার হওয়ায় আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন।
দমকল বাহিনীর আগ্রাবাদ কেন্দ্রের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধভাবে বহুতল বাণিজ্যিক ভবনে জুতার গুদাম করা হয়েছে। বৈদ্যুতিক গোলোযোগ বা সিগারেট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
“গুদাম ঘরটির দরজা ও পাশের একটি কক্ষের দেয়াল ভেঙে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।”
আগুনে কেউ হতাহত হয়নি বলে জানান আবদুল মালেক।
তিনি বলেন, “আগুনের ক্ষয়ক্ষতি নির্ধারণ করা সম্ভব হয়নি। শুধু জুতাই পুড়েছে। আমরা এর মালিকের খোঁজ করছি।”
