রংপুরে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু
‘একুশ শতকে নজরুলের প্রাসঙ্গিকতা’ প্রতিপাদ্য নিয়ে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন।
শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ।
নজরুল ইন্সটিটিউট ও রংপুর জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ সম্মেলন সোমবার শেষ হবে।
বিকালে সম্মেলনের উদ্বোধনী আলোচনা সভায় আসাদুজ্জামান নূর বলেন, “কবি নজরুল যখন শ্যামাসঙ্গীত লিখলেন তখন তাকে বলা হলো কাফের। আবার যখন ইসলামী গান লিখলেন তখন বলা হলো মোল্লা। আসলে নজরুল সাম্যের কথা বলেছেন, মানুষের কল্যাণের কথা বলেছেন।
“জাতীয় কবি নজরুলের দর্শন, চিন্তা ও সৃষ্টিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।”
রংপুর জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী হাসান আহমেদ ও রংপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান রাখেন।
জেলা প্রশাসক জানান, সম্মেলনে প্রতিদিন রংপুর বিভাগের আট জেলা থেকে আসা সাহিত্যিকরা আলোচনা ও প্রবন্ধপাঠ করবেন।
এছাড়া নজরুল সঙ্গীতশিল্পীদের সঙ্গীত পরিবেশনের পাশাপাশি নৃত্যও পরিবেশিত হবে বলে জানান প্রশাসক ফরিদ আহাম্মদ।
