চট্টগ্রামে মলম পার্টির চার সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামের বন্দর এলাকা থেকে ‘মলম পার্টির’ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে একটি এলজি, গুলি, হাতুড়ি এবং ছিনতাইয়ে ব্যবহার করা একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আমীর হোসেন (৪০), আশরাফ (৩৫), এমরান (৩৩) ও হাশেম (৩৩)।
শুক্রবার রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বন্দর এলাকার নিমতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এরা নগরীতে বিভিন্ন সময়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হয়ে সাজাও ভোগ করেছে।
গ্রেপ্তারদের সংঘবদ্ধ ‘মলম পার্টির’ সদস্য উল্লেখ করে ওসি বলেন, “তারা সাম্প্রতিক সময়ে বন্দরসহ নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করেছে। তাদের হাতে পড়ে নগরীর অনেকেই সর্বস্ব খুইয়েছেন।
“চারদিন আগে নিমতলা এলাকায় এক পথচারীর চোখে মলম লাগিয়ে তার মোবাইল ফোনসহ সর্বস্ব ছিনিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।”
মহিউদ্দিন সেলিম জানান, এ চক্রের মূল হোতা হাশেম ও তার প্রধান সহযোগী জয়নাল এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পলাতক হাশেমের বিরুদ্ধে নগরীর বন্দর, বায়েজীদ, কোতয়ালীসহ বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
