চাঁপাইনবাবগঞ্জে গুলিসহ দুই যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পিস্তলের গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার গভীর রাতে উপজেলার চক ঘোড়াপাখিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন, শিবগঞ্জ উপজেলার কালুপুর দক্ষিণপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে রাজিত বিল্লাহ (৩২) ও একই এলাকার মৃত ইউসুফ মন্ডলের ছেলে আব্দুল কাইউম (৩০)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টার দিকে আমবাহী একটি ভটভটিতে তল্লাশি চালায় র্যাব। পরে ভটভটিতে থাকা আমের একটি ঝুড়ি থেকে ৪৫ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।
এ সময় আমের সঙ্গে থাকা রজিত বিল্লাহ রাজু ও আব্দুল কাউয়ুমকে আটক করা হয়।
শনিবার সকালে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
