২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর নিম্নাঞ্চল প্লাবিত

প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বেড়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 11:38 AM

Updated : 22 Aug 2022, 12:35 PM

ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা জানান, উজান থেকে নেমে আসা পানিতে ধানশাইল, কাংশা, গৌরিপুর,ঝিনাইগাতী সদর ও মালিঝিকান্দা ইউনিয়নের ২০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

রাস্তাঘাট ঢলের পানিতে তলিয়ে এসব এলাকার কমপক্ষে ৪/৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

উপজেলা চেয়ারম্যান বাদশা বলেন, পাহাড়ি ঢলের তোড়ে ঝিনাইগাতী-ভটপুর পাকা সড়ক ২০ ফুট ভেঙ্গে যাওয়ায় ওই সড়কে যাতায়াত বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া হাতিবান্দা, মালিঝিকান্দা ও ধানশাইলের বাগেরভিটা এলাকায় তিনটি কাঠের সেতু ভেসে গেছে এবং হাতিবান্দা ও গৌরিপুরে দুটি বক্সকালভার্টের দুইপাশের মাটি ধসে গেছে।

ঢলের চাপে মহারশি নদীর পানি উন্নয়ন বোর্ডের তীর রক্ষা বাঁধের রামেরকুড়া, দিঘীর পাড় ও জিগাতলা বনগাঁও এলাকায় বাঁধ ভেঙ্গে গেছে বলেও জানান তিনি।

প্লাবিত গ্রামগুলো হচ্ছে, কালিনগর, দড়িকালিনগর, লঙ্গেশ্বর, সুরিহারা, দিঘীরপাড়, চতল, বালিয়াচন্ডি, জিগাতলা বনগাঁও, কাংশা, দুপুরিয়া, কারাগাও, রাঙামাটি, জুলগাঁও, হাসরিপাতিয়া, দাড়িয়ারপাড়, নয়াপাড়া, বাগেরভিটা, রামেরকুড়া ও মাঝা কান্দুলী।