২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারের ‘রূপকার’ হিসেবে নভেরার স্বীকৃতি দাবি

ভাস্কর নভেরা আহমেদকে কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রূপকার হিসেবে ‘রাষ্ট্রীয় স্বীকৃতি’ দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের শিল্পী ও শিল্প সমালোচকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 12:23 AM

Updated : 12 Oct 2022, 03:50 PM

পুরনো খবর:

অন্তরালে থাকা নভেরা আহমেদের চিরপ্রস্থান

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে এক স্মরণসভায় এ দাবি জানানো হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, সরকারি কোনো না কোনো দপ্তরে শহীদ মিনারের নকশা আছে। অনুসন্ধান করলেই পাওয়া যাবে।

“আমরা তার রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। শুধু একুশে পদক দিলেই সম্মানিত করা যায় তা নয়। সত্য যেন উন্মোচিত হয়।”

বাংলাদেশের ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত নভেরাকে ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত করে সরকার।

১৯৫৭ সালে হামিদুর রহমান ও নভেরা আহমেদ শহীদ মিনারের কাজ শুরুর করলেও ১৯৫৮ সালে সামরিক আইন জারি হওয়ায় তখন তা আর শেষ হয়নি।

কয়েক দশক অন্তরালে থাকা নভেরা চলতি বছরের ৫ মে প্যারিসে মারা যান। ১১ মে তাকে সমাহিত করা হয়।

চারুকলা ইন্সটিটিউটের পরিচালক নাসিমা মাহমুদের সভাপতিত্বে নভেরা আহমেদ স্মৃতি সংরক্ষণ পরিষদ, চট্টগ্রামের আয়োজনে ‘স্মৃতিপটে ভাস্বর ভাস্কর নভেরা’ শীর্ষক এ সভায় অন্যদের মধ্যে গবেষক রেজাউল করিম সুমন, গল্পকার চৌধুরী বেলাল মাহমুদ ও নভেরার স্বজন মো. শাহনেওয়াজ বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে নাসিমা মাহমুদ বলেন, “নভেরা আহমেদ বাংলাদেশের প্রথম নারী ভাস্কর। কিন্তু তার এবং তার শিল্পের মূল্যায়ন আমরা করতে পারিনি।”

রেজাউল করিম সুমন বলেন, পাঠ্যবইতে শহীদ মিনারের স্থপতি হিসেবে শুধু হামিদুর রহমানের নামই বিভিন্ন সময় মুদ্রিত হয়েছে। কিন্তু শহীদ মিনারের কাজ হামিদুর রহমান ও নভেরা আহমেদ একসঙ্গে করেছিলেন- তাতে কোনো সন্দেহ নেই।

“এ দুই শিল্পীর মধ্যে বন্ধুত্ব ছিল। তাই কেউ মাপতে চাননি কার কতটুকু অবদান।”

পরে নভেরার জীবন ও শিল্পকর্ম নিয়ে স্লাইড শো উপস্থাপন করেন তিনি।

নভেরা আহমেদের পৈত্রিক নিবাস চট্টগ্রামের বাঁশখালীতে। ১৯৪৯-৫০ সালে বাবার অবসরের পর বন্দরনগরীর আসকার দিঘীর উত্তর পাড়ে ‘গডস গিফট’ নামের একটি বাড়িতে বছরখানেক ছিলেন এই ভাস্কর।