২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বেড়িবাঁধ ভেঙে প্লাবন

নির্মাণাধীন যমুনা নদীর বেড়িবাঁধ ভেঙে বগুড়ার দুই উপজেলার বিস্তীর্ণ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 07:18 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

শুক্রবার বিকালে বাঁধের প্রায় ৬০ মিটার অংশ ধসে গেছে। বাঁধ ভেঙে তীব্র বেগে পানি জনপদে প্রবেশ করায় ধুনট ও সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় পানি ঢোকে।

তবে, ভাঙন এলাকার মানুষ আশ্রয় সরিয়ে নিলেও অন্যান্য এলাকায় এখনও বাড়িঘরে পানি ওঠেনি বলে স্থানীয়রা জানান।

এলাকাগুলো হলো সারিয়াকান্দির কড়িতলা, দড়িপাড়া, বাথুয়ার ভিটা এবং ধুনটের চিকাশি ইউনিয়নের চিকাশি গ্রাম।

পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, পানি উন্নয়ন বোর্ড ২০ কোটি টাকা ব্যয়ে সারিয়াকন্দি উপজেলার কামালপুর ইউনিয়নের গুদাখালি এলাকায় যমুনা নদীর পশ্চিম তীরের সঙ্গে বেড়িবাঁধ নির্মাণ করছে।

পানির স্রোত কমার পর বাঁধ মেরামতের কাজ করা হবে। এখন কাজ করলে তা টিকবে না বলে জানান প্রকৌশলী রুহুল আমিন।

কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেসুর রহমান জানান, বিকালে হঠাৎ বাঁধটি ভেঙে গেলে নদীর পাড়ের লোকালোয়ে পানি ঢুকে পড়ে।

এরপর ভাঙন এলাকার মানুষ বাড়িঘর সরিয়ে নিয়ে বেড়ি বাঁধে আশ্রয় নেয়।

স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

পুরনো খবর:

কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যা, পানিবন্দি মানুষ