‘প্রাতিষ্ঠানিক শিক্ষায়ও গ্রাফিক নভেলের গুরুত্ব রয়েছে’
শুধু বিনোদন নয়, প্রাতিষ্ঠানিক লেখাপড়ার ক্ষেত্রেও গ্রাফিক নভেল ও কমিকসের গুরুত্ব রয়েছে বলে একটি আলোচনায় উঠে এসেছে।
‘ইমব্রেসিং গ্রাফিকাডেমিক: দ্য রোল অব গ্রাফিক নভেলস এ্যান্ড কমিকস ইন একাডেমিয়া’ শিরোনামে শুক্রবার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলছে দিনব্যাপী কনফারেন্স।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ল্যাংগুয়েজ স্টাডিজ বিভাগের এ আয়োজনে গ্রাফিক নভেলের একাডেমিক গুরুত্ব নিয়ে আলোচনা হয়। দেশের কয়েকজন কার্টুনিস্টও তাদের মতামত তুলে ধরেন।
‘একবিংশ শতকের শ্রেণিকক্ষে কেন গ্রাফিক নভেল স্থান করে নেবে’ এ বিষয়ে বলতে এসে ল্যাংগুয়েজ স্টাডিজ বিভাগের পরিচালক এ টি এম সাজেদুল হক বলেন, “গবেষণায় দেখা গেছে, ছোট বেলায় যারা কমিকস পড়েন বড় হয়ে তারাই অন্য বই পড়তে উৎসাহিত হন। কমিকসও একটি সাহিত্য, এটি মূলত সাহিত্যে হাতেখড়ি।
“কমিকসের ব্যাপ্তি বেশ বড়, বর্তমান সময়ে শুধু আমেরিকায়ই ৩০ মিলিয়ন ডলার মূল্যমানের কমিকস বাজার রযেছে। এর মাধ্যমে অনেক সিরিয়াস গল্প খুব সহজে বর্ণনা করা যায়।”
তিনি বলেন, “এখন অনেক বিশ্ববিদ্যালয়েই জটিল বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে সহজ করে বলতে এ ধরনের গ্রাফিক নভেল ব্যবহার করা হচ্ছে। দর্শন, বিজ্ঞান, সাহিত্য কিংবা অর্থনীতি-সব বিষয়ের উপরেই গ্রাফিক নভেল তৈরি হচ্ছে।
“আমাদের দেশে বিষয়টি নিয়ে খুব বেশি গবেষণা না হলেও আমি মনে করি, এখন সময় এসেছে আমাদের শিক্ষা ব্যবস্থার কারিকুলামগুলো পাল্টানোর। আমরা শেণিকক্ষে এ ধরনের কমিকস আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারি।”
কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রম্য পত্রিকা উন্মাদের সম্পাদক আহসান হাবিব।
তিনি বলেন, “সারা বিশ্বে গ্রাফিক নভেল বিপ্লব করছে, যদিও আমাদের দেশে আমরা এখনও এটিকে টিকিয়ে রাখতে সংগ্রাম করে চলেছি। এ ধরনের কনফারেন্স দেশের কমিকস সংস্কৃতিকে উৎসাহিত করবে।”
দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন বিষয়ের উপর মোট ১৫টি সেশন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কার্টুনিস্টরা কথা বলেন।
আশির দশকে ভিডিওগেমস ও টেলিভিশনের দাপটে যখন কমিকস ব্যবসা মুখ থুবড়ে পড়ছিল সে সময় যুক্তরাষ্ট্রের মার্ভেল কমিকস ও ডিসি কমিকস একে নতুন আঙ্গিকে পাঠকদের সামনে হাজির করে।
সে সময় শুধু ছোটদের জন্যই নয়, বরং বড়দের জন্যও কমিকস প্রকাশ করা শুরু হয়। অনেক নাম করা লেখককেও সেসময় কমিকসে নিয়ে আসা হয়। তখনই কমিকসের নামকরণ হয় গ্রাফিক নভেল।
বলা হয় উইল আইসনর ১৯৭৮ সালে তার ‘অ্যা কনট্রাক্ট উইথ গড্’ বইয়ে গ্রাফিক নভেল শব্দটি প্রথম ব্যবহার করেন।
এরপর ১৯৮৬ সালে অ্যালান মুর ‘ওয়াচমেন’ ও ফ্রাঙ্ক মিলার ‘দ্য ডার্ক নাইট রিটার্নস’ নামে দুটি বই প্রকাশ করেন।
১৯৯১ সালে আর্ট স্পিগেলম্যান হিটলারের নৃশংসতা নিয়ে দুই খণ্ডের সাদা কালো কমিকস বই ‘মাউস’ প্রকাশ করেন, যেটি সে সময় বেশ সাড়া জাগায়।
বাংলা ভাষাতেও বিভিন্ন সময় কমিকস লেখার কাজ হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী গত ১৭ মার্চে তার জীবনীভিত্তিক গ্রাফিক নভেল ‘মুজিব’ প্রকাশ হয়।
