২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসার সামনে বস্তায় নারীর লাশ, স্বামী ‘পলাতক’

রাজধানীর মিরপুর এলাকার পল্লবীতে এক নারীর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে তার বাসার সামনেই, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 02:53 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

পল্লবী থানার এসআই মো. শাহিনুর জানান, শুক্রবার সকালে পল্লবীর প্যারিস রোডের ১৮ নম্বর লাইনে একটি টিনশেড বাসার সামনে থেকে মিতু বেগম (২৫) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

স্বামী সবুজ মিয়া ও এক সন্তান নিয়ে ওই বাসাতেই মিতু থাকতেন। তার লাশ পাওয়ার পর থেকে পুলিশ সবুজকে খুঁজছে।

নিহতের বোন ঝুমুরের অভিযোগ, পারিবারিক কলহের জেরে রাতে শ্বাসরোধে মিতুকে হত্যার পর লাশ বস্তায় ভরে বাসার সামনে ফেলে সবুজ তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে পালিয়েছে।

এ ঘটনায় ঝুমুর বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেছেন বলে এসআই শাহিনুর জানান।

ঝুমুরের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবুজ ওই এলাকায় একটি দর্জির দোকানে কাজ করতেন। গত তিন মাস ধরে তারা প্যারিস রোডের ওই বাসায় থাকছিলেন।

মিতুর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।