২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনপুরায় ট্রলারডুবি: ফের তল্লাশি শুরু, তদন্ত কমিটি

মনপুরায় ট্রলারডুবিতে হতাহতের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ভোলা জেলা প্রশাসন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 11:48 AM

Updated : 12 Oct 2022, 03:49 PM

পুরনো খবর:

মনপুরায় ট্রলারডুবি, ৬ লাশ উদ্ধার

মেঘনা নদী থেকে বৃহস্পতিবার উদ্ধার হওয়া ছয় জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে অর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা চৌধুরী জানান, ট্রলারের অন্তত ১০ আরোহী এখনো নিখোঁজ। তাদের খোঁজে শুক্রবার সকাল থেকে আবারও নদীতে অনুসন্ধান শুরু করেছে কোস্ট গার্ড। বৈরী আবহাওয়ার কারণে আগের দিন সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছিল।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাতলী চর থেকে উপজেলা সদরের হাজির হাটের উদ্দেশ্যে ছেড়ে আসার আধা ঘণ্টার মধ্যে প্রবল স্রোতে তলা ফেটে মনপুরার কাটাখালের মাথায় ট্রলারটি ডুবে যায়।

ট্রলারে থাকা অর্ধশতাধিক যাত্রীর মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠলেও নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ হন। তাদের খোঁজে জেলেসহ স্থানীয়দের সহায়তায় পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দুই নারী ও চার শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে ট্রলারটিও পাওয়া যায়। উদ্ধার যাত্রীদের মধ্যে ১১ জনকে মনপুরা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

নিহত আয়েশা বেগম (৭০), জেসমিন (২২), রূপা (৩), রনি (২), তানজু (৩) ও তাহমিনার (৩) লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মনপুরা থানার ওসি আবু হানিফ শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, নিহতরা সবাই কলাতলী চরের স্থানীয় বাসিন্দা ছিলেন।

ভোলার জেলা প্রশাসক সেলিম রেজা জানান, নৌ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মনোয়ার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ কমিটিকে আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে ছুটে আসা অনেকেই বৃহস্পতিবার রাত কাটিয়েছেন মেঘনার তীরে। কোস্ট গার্ডের পাশাপাশি স্বজনরাও নিজেদের উদ্যোগে ট্রলার ভাড়া করে নদীতে অনুসন্ধান চালাচ্ছেন।