২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনপুরায় ট্রলারডুবি, ৬ লাশ উদ্ধার

ভোলার মনপুরায় ঝড়-বৃষ্টির মধ্যে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের আরোহীদের মধ্যে দুই নারী ও চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 01:12 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

এরা হলেন- আয়েশা বেগম (৭০), জেসমিন (২২), রূপা (৩), রনি (২), তানজু (৩) ও তাহমিনা (৩)।  তাৎক্ষণিকভাবে এদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মনপুরা থানার ওসি আবু হানিফ শিকদার জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ট্রলারের ১৫ যাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

সকাল ১০টার দিকে কলাতলী চর থেকে উপজেলা সদরের হাজির হাটের উদ্দেশ্যে ছেড়ে আসার আধা ঘণ্টার মধ্যে প্রবল স্রোতে তলা ফেটে মনপুরার কাটাখালের মাথায় ট্রলারটি ডুবে যায়।

জেলেসহ স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ ও কোস্টগার্ডও উদ্ধার অভিযানে যোগ দেয়।

ট্রলারে থাকা অর্ধশতাধিক যাত্রীর মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠলেও নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ হন।

মনপুরার ওসি জানান, দুপুর পর্যন্ত নারী ও শিশুসহ ছয় জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। ট্রলারটিও পাওয়া গেছে।

“এখনও ১৫ জনের মতো নিখোঁজ রয়েছেন। উদ্ধার যাত্রীদের মধ্যে ১১ জনকে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

নিখোঁজদের খোঁজে কোস্ট গার্ড ও তাদের স্বজনরা ট্রলার নিয়ে মেঘনায় অনুসন্ধান চালাচ্ছে বলে জানান ওসি।

মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. অমিতাভ দে ও ডা. সমীরণ কুমার বসাক বলেন, হাসপাতালে ছয়জনের লাশ আনা হয়েছে। এছাড়া ১১ জনকে ভর্তি করা হয়েছে।