২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিলমিল প্রকল্পে সাংসদের জন্য প্লট, ঘোষণা মন্ত্রীর

ঝিলমিল প্রকল্পের পরিধি বাড়িয়ে সংসদ সদস্যদের অগ্রাধিকারের ভিত্তিতে প্লট বরাদ্দ দেওয়া হবে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 11:53 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বৃহস্পতিবার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি।

মন্ত্রণালয়ের কাজের ফিরিস্তি দিতে গিয়ে মন্ত্রী জানান, ঝিলমিল প্রকল্পের পরিধি বাড়ানোর জন্য ৭০০ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রথমে মন্ত্রী সাংসদের সেখানে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা দেন। কিন্তু তাতে সাংসদেরা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ ছিলেন। পরে মন্ত্রী প্লট বরাদ্দের ঘোষণা দিলে সাংসদেরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান।

তখন মোশরারফ হোসেন বলেন, “‌‌‌ফ্ল্যাটের কথা বলায় সাংসদেরা চুপচাপ, আর প্লটের ঘোষণা দেওয়ায় এখন তারা খুশি।”

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছিলেন, সাংসদের প্লট দেওয়ার জন্য আর কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। প্লটের পরিবর্তে ফ্ল্যাট বানিয়ে তা বরাদ্দ দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর রাজউক ও গৃহায়ণ কর্তৃপক্ষ ফ্ল্যাট তৈরির বিভিন্ন প্রকল্পও গ্রহণ করে।

এদিকে বাজেট আলোচনায় অংশ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ওপর আগামী অর্থবছর থেকে মূল্য সংযোজন কর বা মূসক আরোপের যে প্রস্তাব করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ তারানা হালিম।

এছাড়াও তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাতে থোক বরাদ্দ এবং সড়ক দুর্ঘটনারোধে আলাদা বরাদ্দের দাবি জানান।

জাসদের শিরীন আখতার অবৈধভাবে বিদেশ পাড়ি দিতে গিয়ে সাগরে ভাসা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।