নীলফামারীতে পিকআপ উল্টে নিহত ২
নীলফামারী সদরে পল্লী বিদ্যুৎ সমিতির একটি পিকআপ ভ্যান উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপ ভ্যান চালক মুকুল হোসেন (৪২) ও মিটার রিডার জাহিদ হোসেন (৪০)।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসনিক কর্মকর্তা তরফদার এনামুল কবীর জানান, কাজ শেষে ফেরার পথে ফুলতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়। এতে আহত পিকআপ চালক মুকুল ও মিটার রিডার জাহিদকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক প্রদীপ ব্যানার্জি জানান, হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
