২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যাপ্ত তথ্য নিয়ে মামলার পরামর্শ দুদককে রাষ্ট্রপতির

দুর্নীতির মামলা দায়েরের আগে পর্যাপ্ত তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 07:32 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকৃত দোষীরা যাতে কোনোভাবে ছাড় না পায়, আবার নিরাপরাধ ব্যক্তি যাতে হয়রানি শিকার না হয়, সেজন্য রাষ্ট্রপতি এ আহ্বান জানান।”

দুদক প্রতিনিধি দল সাক্ষাতের সময় তাদের বার্ষিক প্রতিবেদন-২০১৪ রাষ্ট্রপতির কাছে পেশ করেন। তারা এসময় রাষ্ট্রপতিকে তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বলেও জানান জয়নাল আবেদীন।

“দুদকের ভাবমূর্তির ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে,” মন্তব্য করে রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটির ভাবমূর্তি উজ্জ্বলে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতেও দুদককে পরামর্শ দেন আবদুল হামিদ।

দুদক প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে জানায়, তারা সব জেলায় অফিস খোলার উদ্যোগ নিয়েছে।  এছাড়া জনসচেতনতা বাড়াতে গৃহীত বিভিন্ন কার্যক্রমও রাষ্ট্রপতিকে জানান তারা।

প্রতিনিধি দল জানায়, পাইলট প্রকল্প হিসেবে দেশের পাঁচটি জেলায় দুর্নীতি বিষয়ক গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। গণশুনানিগুলোতে অভিযুক্ত, অভিযোগকারী, রাজনৈতিক নেতৃত্বসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়। পাঁচটি জেলা হল- গোপালগঞ্জ, মাদারীপুর, রংপুর, জামালপুর ও কুমিল্লা।

গণশুনানির ফল ইতিবাচক বলেও রাষ্ট্রপতিকে জানান তারা।

এছাড়া দুর্নীতি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে দুদক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানান তিনি।

দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন, নাসিরউদ্দীন আহমেদ এবং সচিব মাকসুদুল হাসান খান এসময় উপস্থিত ছিলেন।