অপহৃত শিশুর হাত-পা বাঁধা লাশ বুড়িগঙ্গায়
রাজধানীর লালবাগ থানার নবাবগঞ্জ থেকে দুই দিন আগে অপহৃত একটি শিশুর হাত-পা বাঁধা লাশ বুড়িগঙ্গা নদীতে পাওয়া গেছে।
অপহরণে ‘জড়িত’ কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে রিফাত নামে ছয় বছরের শিশুটির লাশ বৃহস্পতিবার ভোরে নদী থেকে উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
রিফাতের বাবা রফিকুল ইসলাম পুরান ঢাকার সোয়ারীঘাটে মাছের পাইকারি ব্যবসা করেন। তার বাড়ি নবাবগঞ্জের হোসেন উদ্দিন খান লেনে।
রিফাতকে মঙ্গলবার রাত ৮টার দিকে নবাবগঞ্জ বড় মসজিদ সংলগ্ন বাসার সামনের রাস্তা থেকে অপহরণ করা হয়েছিল। তাকে খুঁজে না পেয়ে ওই রাতে লালবাগ থানায় রিফাতের স্বজন আজিজুর রহমান সাধারণ ডায়েরি করেন।
র্যাব-১০ এর মেজর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, এরপর রাত ১টার দিকে রিফাতের বাবার মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ চায়।
মুক্তিপণের টাকা নিয়ে বুধবার বিকালে আজিমপুর মেটারনিটি হাসপাতালের সামনে আসতে রিফাতের বাবাকে বলে দুর্বৃত্তরা। বিষয়টি তখন র্যাব-পুলিশকে জানানো হয়।
এরপর রাত ৮টার দিকে টাকা নিতে এলে জুয়েল নামে একজনকে আটক করে র্যাব ও রিফাতের স্বজনরা। পরে হাবিব ও ইকবালকে নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা জাহাঙ্গীর।
তিনি বলেন, জুয়েলের দেওয়া স্বীকারোক্তিতে বুড়িগঙ্গার বরিসুর ঘাট বরাবর নদী থেকে রিফাতের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
রিফাতের স্বজন আজিজুর সাংবাদিকদের জানান, লাশটি লাল রঙের একটি ব্যাগে ভরা ছিল এবং হাত ও পা ছিল রশি দিয়ে বাঁধা।
ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
