মিটফোর্ডে কর্মচারীদের কর্মবিরতিতে চিকিৎসকরাও ভোগান্তিতে
চার দফা দাবিতে ঢাকার মিটফোর্ড হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কর্মবিরতির কারণে টানা দ্বিতীয় দিনের মতো ভোগান্তি পোহাতে হয়েছে রোগী ও স্বজনদের।
হাসপাতালের ওয়ার্ড বয়, ওয়ার্ড মাস্টার, এমএলএসএস, সুইপার, করণীক, অফিস সহকারীরা কর্মসূচিতে যোগ দেওয়ায় এদিন চিকিৎসকরাও অনেকটা অসহায় হয়ে পড়েন।
আগের ঘোষণা অনুযায়ী আন্দোলনরত কর্মচারীরা বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বুধবারও তারা একই কর্মসূচি পালন করেন।
কর্মবিরতি চলার সময়ে হাসপাতালের বহির্বিভাগে প্যাথলজি পরীক্ষার জন্য কেউ টাকা জমা দিতে পারেননি। জরুরি বিভাগের টিকেট বিক্রিও এ সময় বন্ধ থাকে।
জরুরি বিভাগের কর্মচারী টিটু মিয়ার দাবি, অন্য সময়ে রোগীর চাপ থাকলেও আন্দোলনের সময় রোগী কম ছিল।
তবে বৃষ্টির মধ্যে হাসপাতালে এসে সেবা না পেয়ে অনেকেই সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন।
রোজিনা নামের এক রোগী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাক্তার টেস্ট করতে দিছে। কিন্তু কাউন্টারে কেউ তো নাই।”
দুই ঘণ্টার কর্মবিরতির কারণে সহায়তাকারী না পেয়ে জরুরি বিভাগের চিকিৎসকদেরও বিড়ম্বনায় শিকার হতে হয়।
জরুরি বিভাগের একজন চিকিৎসক বলেন, “কলিং বেল টিপেও কাউকে পাচ্ছি না। এমন কি হাসপাতালের স্পেশাল আয়া (যারা কর্মচারী নন) তারাও যোগ দিয়েছে বিক্ষোভ মিছিলে।”
কর্মবিরতির সময় হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে চিকিৎসক ও নার্সদের দেখা গেলেও ওয়ার্ড বয় বা পরিচ্ছন্নতাকর্মীদের পাওয়া যায়নি।
কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে হাসপাতালের উপ পরিচালক আবদুল মজিদ সাংবাদিকদের বলেন, “বিষয়টি সমাধনের জন্য স্থানীয় সাংসদের সঙ্গে আলাপ হয়েছে। শিগগিরই কর্তৃপক্ষ কর্মচারীদের সঙ্গে বসবে।”
আন্দোলনরত কর্মীদের চার দফা দাবি হল- কর্মচারীদের আবাসন সমস্যার সমাধান, পোষ্য কোটা থেকে চল্লিশ শতাংশ নিয়োগ, অসুস্থ কর্মচারীদের জন্য আলাদা বিছানা ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীদের (সুইপার) আবাসিক ভবন না ভাঙা।
চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুল হক বলেন, দাবি আদায় না হলে ১৪ ও ১৫ জুনও তারা দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন।
