কক্সবাজারে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জাফর আলম (৩৫) উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান খোন্দকার জানান, বৃহস্পতিবার দুপুরে জাফরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি আতাউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাফরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির সোফার নিচে লুকানো ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
“জাফর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ইয়াবা পাচারের একটি মামলা রয়েছে।”
ওসি জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় নতুন আরো একটি মামলা করে তাকে আদালতে পাঠানো হবে।
