সিটি ভোটে অনিয়ম তদন্ত নিয়ে হতাশ গিবসন
সাম্প্রতিক সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের যে সব অভিযোগ উঠেছে, তার দৃশ্যমান তদন্ত না দেখে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন।
জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার কূটনীতিক প্রতিবেদকদের সংগঠন-ডিক্যাবের আয়োজনে এক আলোচনায় বাংলাদেশের এই নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা ও প্রাপ্তির ফারাক তুলে ধরেন তিনি।
যুক্তরাজ্যের হাই কমিশনার বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগের তদন্ত ‘দৃশ্যমান’ না হওয়ায় হতাশ হয়েছেন তিনি।
তিনি বলেন, শুরুতে সহিংসতা ও ঝামেলা হওয়ার কোনো ইঙ্গিত না থাকায় নির্বাচনকে স্বাগত জানিয়েছিলেন তিনি।
“কত সুন্দরভাবে নির্বাচন হচ্ছে বলে আমি ভেবেছিলাম।”
তবে পরে পরিস্থিতি পাল্টে যায় বলে গিবসনের পর্যবেক্ষণ। নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও ব্যাঘাত ঘটানোর অনেক প্রমাণ সোশাল মিডিয়া ও গণমাধ্যমে আসার কথাও বলেন তিনি।
“আমি আশা করেছিলাম, সোশাল মিডিয়া ও গণমাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের যত প্রমাণ উঠে এসেছে, তাতে এসব অভিযোগের পূর্ণ তদন্ত হবে। কিন্তু সে রকমটা হয়নি। আমি মনে করি, এটা অনেক বড় লজ্জার।”
গত এপ্রিলে অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হলেও তা তা নাকচ করে দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
কয়েকটি কেন্দ্রে গোলযোগ ও অনিয়মের কথা স্বীকার করলেও সার্বিকভাবে সুষ্ঠু নির্বাচনের দাবি করে নির্বাচন কমিশন। কিছু অনিয়মের অভিযোগ আমলে নিয়ে তা তদন্তের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
যুক্তরাজ্যের হাই কমিশনার অবশ্য স্বীকার করেন, নির্বাচন নিয়ে কোনো আইনি চ্যালেঞ্জ করা হয়নি এবং নির্বাচন কমিশন ফলও ঘোষণা করতে পেরেছে।
নবনির্বাচিত তিন মেয়র লন্ডনের মেয়রদের মতো লক্ষ্য নিয়ে কাজ করবেন বলে প্রত্যাশা করেন গিবসন।
যুক্তরাজ্যের সংবিধানের মূল ভিত্তি এবং বিশ্বে অধিকার বিষয়ক প্রথম চুক্তি ম্যাগনা কার্টার ৮০০তম বার্ষিকী সামনে রেখে দেওয়া অনুষ্ঠানে বক্তব্য আইনের শাসন ও ন্যায়বিচার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন রবার্ট গিবসন।
তবে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, সংবাদপত্রের স্বাধীনতা, ২৮ এপ্রিলের সিটি করপোরেশন নির্বাচন এবং গত বছরের সংসদ নির্বাচন নিয়েই তাকে বেশি প্রশ্ন করেন সাংবাদিকরা।
বিএনপির ভোট বর্জন ‘দুর্ভাগ্যজনক’
গিবসন বলেন, গত বছরের পার্লামেন্টারি নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া ছিল ‘দুর্ভাগ্যজনক’।
“আমি জানি না, এটা ঠিক হয়েছে কি না। বিএনপি নির্বাচনে অংশ নিলে কী হত, তা আমরা কখনও জানব না।”
নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। বিএনপিবিহীন ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যুক্তরাজ্যও প্রশ্ন তুলেছিল, তবে ওই ভোটে নির্বাচিত শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে তারা।
গিবসন আশা প্রকাশ করেন, বিএনপি আগের ভোট বর্জন করলেও আলোচনায় মধ্য দিয়ে রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠার পথে থাকবে।
বিএনপির ভাষায় বাংলাদেশে বর্তমান ‘গণতন্ত্রহীন’ অবস্থা নিয়ে নিয়ে বক্তব্য জানতে চাইলে যুক্তরাজ্যের হাই কমিশনার বলেন, গণতন্ত্রের সংজ্ঞায়ন দুরূহ।
গণতন্ত্র শুধু ভোট নিয়ে হয় না, এটা একটি প্রাত্যহিক চর্চার বিষয়, বলেন তিনি।
তবে বাংলাদেশিরা গণতন্ত্রের পক্ষে মন্তব্য করে সহিংসতা ছেড়ে আলোচনার মাধ্যমে সব কিছুর সমাধান করতে সব পক্ষের প্রতি আহ্বান জানান গিবসন।
সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যম স্বাধীন। এই স্বাধীনতা গণমাধ্যমকেই রক্ষা করতে হবে।
হাই কমিশনার বলেন, গণমাধ্যম তদারকের বিষয়টি নিয়ে যুক্তরাজ্যও দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে আসছে।
“দায়িত্বশীল হওয়া এবং স্বাধীনতা ও দায়িত্বশীলতার মধ্যে কীভাবে ভারসাম্য রক্ষা করতে হয়, তার দায়িত্ব গণমাধ্যমেরও রয়েছে।”
বাংলাদেশের সাম্প্রতি ঘটে যাওয়া কয়েকজন ব্লগারের হত্যাকাণ্ডের নিন্দা জানান যুক্তরাজ্যের হাই কমিশনার।
মানবাধিকারের ক্ষেত্রে ছয়টি বিষয় যুক্তরাজ্য সরকারের অগ্রাধিকারে রয়েছে বলে জানান তিনি। সেগুলো হল- বাক স্বাধীনতা, নির্যাতন রোধ, মৃত্যুদণ্ড বিলোপ, ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা, নারীর অধিকার এবং ব্যবসা ও মানবাধিকার।
মৃত্যুদণ্ড বিলোপের জন্য বাংলাদেশের প্রতি আবারও আহ্বান জানান ইউরোপীয় দেশটির এই রাষ্ট্রদূত। সেইসঙ্গে তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর কমে আসাকে বাংলাদেশে মৃত্যুদণ্ড বিলোপের দিকে যাত্রার ইঙ্গিত বলে মনে করছেন তিনি।
‘আধুনিক কর্তৃত্ববাদ’
ব্রিটিশ হাই কমিশনার বলেন, ম্যাগনা কার্টায় মানবাধিকার রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যাতে প্রতিটি ব্যক্তির স্বাধীনতার কথা বলা হয়েছে।
“এই স্বাধীনতা রক্ষা আমাদের সবার দায়িত্ব।... ধর্ম চর্চা, বিশ্বাস নিয়ে আলোচনার ক্ষেত্রে যা মনে করি, তাই বলার সুযোগ থাকতে হবে- এটা আমরা পছন্দ করি, আর না করি।”
‘আধুনিক কর্তৃত্ববাদকে’ নতুন হুমকি হিসেবে দেখার কথাও জানিয়েছেন গিবসন।
তিনি বলেন, বিশ্বজুড়ে যেসব দেশের সরকার আধুনিক কর্তৃত্ববাদের চর্চা করে তারা শুধু নির্বাহী ও আইন প্রণয়নকারী শাখাকে নয়, গণমাধ্যম বিচার বিভাগ, সুশীল সমাজ, অর্থনীতি এবং নিরাপত্তা বাহিনীকে কাজে লাগায়।
গিবসনের মতে, কর্তৃত্ববাদীরা কিছু মাত্রায় জালিয়াতি, অসদুপায়, নির্বাচন কমিশনের উপর হস্তক্ষেপ এবং অন্যান্য প্রক্রিয়ায় জালিয়াতির মাধ্যমে নির্বাচনী ফল নিজেদের পক্ষে আনাটা অত্যাবশ্যক বিবেচনা করে।
“তথ্য প্রকাশে নিয়ন্ত্রণ, সুশীল সমাজের সমালোচকদের কোণঠাসা করা এবং বিচার বিভাগের উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতি সমান বা আরও বেশি গুরুত্ব দেয় তারা।”
“কমনওয়েলথের বলিষ্ঠতা ও এর মূল্যাবোধের কারণে এ ধরনের চর্চা বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে,” আহ্বান জানান তিনি।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ‘আধুনিক কর্তৃত্ববাদ’ দেখছেন কি না, জানতে চাইলে সরাসরি মন্তব্য এড়িয়ে যান এই কূটনীতিক।
তিনি বলেন, সরকার ও প্রতিষ্ঠানের মূল্যায়ন তার কাজ নয়।
“যে সব মূল্যবোধের বিষয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ সেগুলো সমুন্নত রাখার বিষয়ে অংশীদার হিসেবে সরকারকে উৎসাহিত করা আমার দায়িত্ব। এসব মূল্যবোধ রক্ষায় আমরা একসঙ্গে কাজ করতে চাই,” বলেন গিবসন।
