সিলেটে ‘শিবিরের’ হামলায় ছাত্রফ্রন্টের ৪ কর্মী আহত
সিলেট এগ্রিকালকালচারাল ট্রেনিং ইন্সটিটিউটে (এটিআই) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবির সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার দুপুরে এটিআই ক্যাম্পাসে এ হামলায় সংগঠনটির চার কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন ছাত্র ফ্রন্টের সিলেট মহানগর সাধারণ সম্পাদক সঞ্জয় কান্তি দাশ।
সঞ্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যৌন হয়রানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রকাশিত একটি পুস্তিকার প্রচারণা চলছিল।
ওই সময় এটিআইর শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতা হোসেন আহমেদের নেতৃত্বে একদল শিবিরকর্মী ছাত্রফ্রন্টের কর্মীদের উপর হামলা চালায়।
এতে চার ছাত্রফ্রন্টকর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন, এটিআইর অষ্টম সেমিস্টারের ছাত্র আমিরুদ্দিন (২১), চতুর্থ সেমিস্টারের বিশ্বজিৎ শীল (১৯), একই সেমিস্টারের সাইদুল ইসলাম (১৯) ও বুলবুল জাহান কমল (১৯)।
তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান।
সিলেট এগ্রিকালচারাল ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ অমিতাভ দাশ বলেন, হামলার ঘটনায় এটিআইর সিনিয়র ইন্সপেক্টর আয়েশা আক্তারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে তিনি জানান।
শাহপারণ থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, হামলার ঘটনা শুনেছেন। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
