সাড়ে ৯ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাশ
চলতি ২০১৪-১৫ অর্থবছরের জন্য নয় হাজার ৫০৮ কোটি ৫৭ লাখ ১২ হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ২২টি মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে সম্পূরক বাজেটটি কণ্ঠভোটে পাশ হয়।
আগামী ৩০ জুন সমাপ্য চলতি অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য অর্থমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী এম এ মান্নান মঙ্গলবার সংসদে ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০১৫’ উত্থাপন করেন।
সম্পূরক বাজেটের উপর বিরোধী দল জাতীয় পার্টির ও স্বতন্ত্র সংসদ সদস্যরা ১৭০টি ছাঁটাই প্রস্তাব দেন। তবে সেগুলো কণ্ঠভোটে বাতিল হয়।
ছাঁটাই প্রস্তাবগুলোর মধ্যে ৬টি বিভাগের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আলোচনা হওয়া মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো- জনপ্রশাসন মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগ।
২০১৪-১৫ অর্থবছরে যেসব মন্ত্রণালয়/বিভাগ বেশি খরচ করেছে তার অনুমোদন নিতে সংসদে সম্পূরক বাজেট পাস হলো।
সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য এক হাজার ২৭১ কোটি ১৭ লাখ ৫৫ হাজার টাকা বেশি বরাদ্দের দাবি তোলেন।
তার বিরোধিতা করে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, “শিক্ষায় যেখানে বরাদ্দ বাড়াতে পারছি না, সেখানে প্রতিরক্ষায় এত বাড়ানোটা কি সমীচীন? তাছাড়া কী খরচ হয়েছে, কী কারণে খরচ হয়েছে সেগুলো বলা হয়নি।”
জাতীয় পার্টির ফখরুল ইমাম বলেন, “বরাদ্দ কীভাবে খরচ হয়েছে তা ঠিকমতো দেওয়া নেই। যারা ঘটনা ঘটায় তাদের নিয়ে আমরা শঙ্কিত থাকি।”
তবে এসব ছাঁটাই প্রস্তাব নাকচ করে প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, “আমাদের প্রতিরক্ষা বাহিনী গৌরবের কাজ করছে। শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে। আজ যদি মামলা না করে মিয়ানমারের কাছ থেকে যুদ্ধ করে সমুদ্রসীমা নিয়ে আসতে হত? প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে এই অর্থ প্রয়োজন। আশা করি ছাঁটাই প্রস্তাব দেওয়া সদস্যরা তাদের দাবি প্রত্যাহার করবেন।”
স্থানীয় সরকার বিভাগের দাবিও মন্ত্রী সৈয়দ আশরাফের পক্ষে প্রতিমন্ত্রী রাঙ্গা সংসদে উত্থাপন করেন।
ছাঁটাই প্রস্তাব দেওয়ার সময় জাতীয় পার্টির ফখরুল ইমাম বলেন, “মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে সংসদে খুব কম সময় দেখেছি। তাকে দেখি না চেনা-জানা নাই। দেখা-শোনাটা দরকার।”
সম্পূরক আর্থিক বিবৃতির ব্যাখ্যামূলক স্মারকে বলা হয়েছে, “২০১৪-১৫ অর্থবছরের মূল বাজেটে ৫৯টি মন্ত্রণালয়/বিভাগের অনুকূলে নীট ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ২৭টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ৯ হাজার ৫০৮ দশমিক ৫৭ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং ৩২টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ২৩ হাজার ৬ দশমিক ৯৫ কোটি টাকা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে ১০ হাজার ৮৩৮ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বরাদ্দ দাঁড়িয়েছে নীট ২ লাখ ৩৯ হাজার ৬৮৮ কোটি টাকা।”
