২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে পোশাককর্মী খুন, শ্বশুরসহ আটক ২

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক নারী পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 08:45 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

ওই ঘটনায় জড়িত অভিযোগে নিহতের শ্বশুর ও স্বামীর এক সহযোগীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেঘনার একটি শাখা নদীতে রিনা আক্তারের পেটকাটা লাশ পাওয়া যায়।

আটক শ্বশুর জালাল সরদার ও স্বামীর বন্ধু রুবেল সরদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

গোসাইরহাট থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন জানান, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের জালাল সরদারের ছেলে আব্দুল কাদের ঢাকায় পোশাক কারখানায় কাজ করার সময় পরিচয় হয় রিনার সঙ্গে।

তিন মাস আগে তারা বিয়ে করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, কয়েকদিন আগে কাদের রিনাকে নিয়ে গোসাইরহাট উপজেলার চরজালালপুর আশ্রয়ন প্রকল্পে তার খালু মোহন সরদারের বাড়ি যান।  

সেখানে রোববার রাতে কাদের তার তিন বন্ধু মাসুদ, শামীম ও রুবেল সরদারকে সঙ্গে নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে স্ত্রীসহ আশ্রয়ন কেন্দ্রের পাশে মোস্তফা ঢালীর কান্দি গ্রামে যাওয়ার জন্য বের হন।

এরপর থেকে রিনা আক্তারের খোঁজ পাওয়া যাচ্ছিল না।   

ওসি জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয় টেকপাড় বাজারের কাছে মেঘনার শাখা নদীতে ওই নারীর লাশ ভাসতে দেখে গোসাইরহাট থানায় খবর দেয় স্থানীয়রা।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটরায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।