হাসান আলীর আপিল করা উচিৎ: আইনজীবী
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে পলাতক সৈয়দ হাসান আলীর আপিল করা উচিৎ বলে মনে করেন তার পক্ষে মামলা লড়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।
স্বাধীনতাযুদ্ধের সময় কিশোরগঞ্জে হত্যা, গণহত্যা, অপহরণ, লুটপাটের মতো যুদ্ধাপরাধের দায়ে তখনকার রাজাকার কমান্ডার হাসান আলীকে মঙ্গলবার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ফাঁসিতে ঝুলিয়ে অথবা মৃত্যু পর্যন্ত গুলি চালিয়ে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করতে রায়ে নির্দেশ দেওয়া হয়।
৬৮ বছর বয়সী হাসান এই যুদ্ধাপরাধী মামলার তদন্ত শুরুর সময় থেকেই পলাতক। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করতে হলে তাকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করতে হবে।
রায়ের পর শুকুর খান সাংবাদিকদের বলেন, তার বিশ্বাস, হাসান আলী আপিল করলে রায় তার পক্ষেই যাবে।
“কিশোরগঞ্জে তো তিনি থাকতেনই না। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন।
“সুতরাং, তার আপিল করা উচিৎ”, বলেন এই আইনজীবী।
হাসান আলীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও তার বাবা সৈয়দ মুসলেহ উদ্দিন ১৯৩৬ সালে কিশোরগঞ্জে একটি মাদ্রাসা খোলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পূর্বপাকিস্তান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান এবং স্থানীয় শান্তি কমিটির চেয়ারম্যান।
আর হাসান আলী সে সময় কিশোরগঞ্জের তাড়াইল থানায় রাজাকার কমান্ডার হিসাবে ব্যাপক যুদ্ধাপরাধ ঘটান বলে ট্রাইব্যুনালের রায়ে উঠে আসে।
