হাটহাজারীতে গাড়িচাপায় শিশু নিহত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ইটবোঝাই গাড়ির নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটহাজারী থানার এসআই মো. আরিফুজ্জামান খান জানান।
নিহত তৌসিফের (৫) বাড়ি গড়দুয়ারার ইউনিয়নে। শিশুটি তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ সদস্য আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নানা বাড়ির পাশের রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল তৌসিফ।
“এ সময় ওই রাস্তা মেরামতের কাজে নিয়োজিত পৌরসভার গাড়িটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
ওই গাড়ির চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে বলে এসআই আরিফ জানান।
