গাজীপুরে ডিসির বাড়িতে দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু
গাজীপুর জেলা প্রশাসকের সরকারি বাসভবনের পরিত্যক্ত গার্ড রুম ভাঙার সময় ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার ওসি মো. রেজাউল হাসান রেজা জানান।
আনুমানিক ৩৫ বছর বয়সী নিহত ওই শ্রমিকের নাম জানা যায়নি।
ওসি রেজাউল বলেন, সকালে কয়েকজন শ্রমিক পরিত্যক্ত ওই ‘গার্ডরুম’ ভাঙার কাজ করার সময় ছাদের একটি অংশ একজনের উপর ধসে পড়ে।
খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই শ্রমিককে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার জানান, ওই শ্রমিকের মাথা থেঁতলে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক দিন ধরে শ্রমিকরা গাজীপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে পরিত্যক্ত ওই গার্ড রুম ভাঙার কাজ করছিল। সকালে হঠাৎ করে উপরের স্ল্যাব ভেঙে এক শ্রমিকের উপর পড়ে।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের দাফনসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানান ডিসি।
