জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন মনজিল মোরসেদ
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি আইনজীবী মনজিল মোরসেদ জাতীয় পরিবেশ পদক ২০১৫ এর জন্য নির্বাচিত হয়েছেন।
পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য প্রতি বছর বন ও পরিবেশ মন্ত্রণালয় রাষ্ট্রীয়ভাবে এ পদকের আয়োজন করে থাকে। সম্প্রতি পরিবেশ পদক সংক্রান্ত জাতীয় কমিটি এই পুরস্কারের জন্য তাকে নির্বাচিত করে।
মনজিল মোরসেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবেশ পদকের জন্য নির্বাচিত ঘোষণার চিঠি হাতে পেয়েছি। ১৫ জুন আনুষ্ঠানিকভাবে পদক হাতে তুলে দেওয়া হতে পারে বলে জেনেছি।”
বন ও পরিবেশ মন্ত্রনালয়ের ২১ সদস্যের জাতীয় কমিটি দুটি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ওই পদকের জন্য মনোনীত করে থাকে। এর মধ্যে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ জন্য, অন্যটি হচ্ছে পরিবেশগত শিক্ষা ও প্রচারের জন্য।
আইনজীবী মনজিল মোরসেদ ঝালকাঠী জেলার কীর্তিপাশা ইউনিয়নের বাউলাকান্দি গ্রামে ১৯৫৯ সালের ২২ জুন জন্মগ্রহণ করেন। বর্তমানে সুপ্রিম কোর্টের এই আইনজীবী ১৯৮৮ সালে আইন পেশা শুরু করে।
ঢাকার আশ-পাশের চার নদী বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু ও তুরাগ নদী রক্ষায় জনস্বার্থে রিট আবেদন ছাড়াও বরিশালের কীর্তণখোলা নদী, জেল খাল ও পুটিয়া খাল উদ্ধার, বানারীপাড়ার সন্ধ্যা নদী রক্ষাসহ জলাশয় উদ্ধার ও দখলমুক্ত করতে রিট মামলা করেছিলেন।
