চাঁদপুরে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন, আহত হন আরও ৫ জন।
সোমবার দুপুরে মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের নাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত বেলায়েত হোসেন মানিক (৪৫) সদর উপজেলার দক্ষিণ তরপুরচন্ডি গ্রামের শহীদ উল্যাহ দেওয়ানের ছেলে।
আহতরা হলেন মো. হুমায়ুন (৩৫), শামীম (৩৮), কবির হোসেন (৩৩), তাসলিমা বেগম (৪২) ও নাজমুল (৩৫)। তাদের মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার এসআই মো. জহিরুল ইসলাম জানান, দুপুরে নারায়ণপুর থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নাগদা এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার যাত্রী মানিক ঘটনাস্থলেই মারা যান।
এই ঘটনায় ট্রাক্টরসহ চালক ও সহকারীকে আটক করা হয়েছে বলে জানান এসআই।
